রাত ৮টার মধ্যে দোকান বন্ধের খবরটি সঠিক নয়: দোকান মালিক সমিতি

আন্তর্জাতিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে সারা দেশে দোকান ও শপিংমল বন্ধের যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক ভিডিওবার্তায় তিনি এই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, একটি বিশেষ পক্ষ বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে, যার সঙ্গে সমিতির বর্তমান কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই। এ ধরনের খবরে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দোকান মালিক সমিতির সভাপতি জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীরা কীভাবে অবদান রাখতে পারেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ৪ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সারা দেশের জেলা পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা সেই সভায় যোগ দিতে ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন।
ভিডিওবার্তায় হেলাল উদ্দিন আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি সংকটের বিষয়টি আমরা অবগত আছি। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে কীভাবে কার্যকরভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, তা নিয়ে ৪ এপ্রিলের সভার পরই সম্মিলিত সিদ্ধান্ত জানানো হবে। এর আগে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তির তথ্যে বিভ্রান্ত না হতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই ভুয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল যে, ২ এপ্রিল থেকেই শপিংমল ও বাণিজ্যিক বিতান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

















