যুদ্ধে বিধ্বস্ত ৭৭৫টি স্কুল মেরামত করলো ইরান

মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত পুনর্গঠনের কাজ শুরু করেছে ইরান। দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০টি স্কুলের মধ্যে ইতোমধ্যে ৭৭৫টি স্কুলের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষামন্ত্রী জানান, সংঘাতের ফলে দেশটির প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। কাজেমি আশাবাদ ব্যক্ত করে বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করা সম্ভব হবে।
হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ইরানের শিক্ষা কার্যক্রম স্থবির হতে দেওয়া হয়নি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরাসরি ক্লাসে আসার পাশাপাশি অনলাইনে এবং টেলিভিশন স্কুলের মাধ্যমে দেশজুড়ে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এছাড়া যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠতে এবং শিক্ষার্থীদের মানসিক ট্রমা দূর করতে বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
হামলার করুণ চিত্র তুলে ধরে কাজেমি জানান, মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল ছাত্রী ও তাদের শিক্ষক। নিহতদের স্মরণে এবং তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে দেশটির স্কুলগুলোতে বিশেষ শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইরান সরকার দ্রুততম সময়ের মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

















