মৃত্যুশয্যায় অভিনেতা তপন, চাইলেন সরকারি সহায়তা

ক্যান্সারের মরণঘাতী ছোবলে ধুঁকছেন দেশের ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে এই প্রিয় অভিনেতার। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে এখন অসহায় অবস্থায় দিন গুনছে তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, অভিনেতা তপন খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত। গত ডিসেম্বর মাসে প্রথম তাঁর শরীরে এই মরণব্যাধি ধরা পড়ে। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ক্যান্সারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে (ফোরথ স্টেজ) পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাঁকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, স্বামীর শারীরিক অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, “কিছুই খেতে পারছেন না, সারাক্ষণ বমি হয়। সারা দিন ব্যথায় কুঁকড়ে থাকেন। আমরা পিজিতে (বিএসএমএমইউ) ভর্তির চেষ্টা করেছিলাম, কিন্তু শয্যা খালি না থাকায় ভর্তি করতে পারিনি। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের এখন আর নেই।”
ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি এখন বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে। নিরুপায় হয়ে সাবিনা হেলেন সরকার ও শিল্পীসমাজের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের শেষ হয়ে গেছে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে আমার স্বামীকে বাঁচাতে একটু এগিয়ে আসুন।”
তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই সমানভাবে কাজ করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’র মতো চলচ্চিত্রে যেমন অভিনয় করেছেন, তেমনি ‘জোড়া শালিক’, ‘হাতছানি’ ও ‘মৃত্তিকার যাত্রা’র মতো অসংখ্য নাটকে তাঁর উপস্থিতি ছিল মুগ্ধকর।
হাসিমুখে দর্শকদের বিনোদন দেওয়া এই মানুষটি আজ ব্যথায় শয্যাশায়ী। তাঁকে বাঁচাতে তাঁর দীর্ঘদিনের সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের পাশে দাঁড়ানোর সময় এখনই।

















