মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি সরানোর হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিলেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য প্রচার করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকবে উল্লেখ করে মোজতবা বলেছেন, ‘ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে।’
যুদ্ধ কতদিন চলবে—এ প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের এই পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের ভবিষ্যতের জন্যই এই পদটি রক্ষা করা গুরুত্বপূর্ণ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

















