নোট বাণিজ্য ও দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কড়া সতর্কবার্তা দিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, এসব অভিযোগের বিপরীতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে রোববার (২৯ মার্চ) নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের স্বচ্ছতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো ধরনের তদবির বা দুর্নীতিকে সুযোগ দেওয়া হবে না।
যারা আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। এর আগে বেলা ১১টার দিকে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেন।
পেশাগত নিরপেক্ষতার অঙ্গীকার এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, “ব্যক্তিগতভাবে আমি বিএনপির আদর্শ ধারণ করি। কিন্তু অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না।”
তিনি আরও জানান, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই হবে তার মূল লক্ষ্য এবং নিরপেক্ষ আদর্শের জায়গায় তিনি অটল থাকবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় যাতে কোনো বাধা না আসে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আইনজীবী ও গণমাধ্যম বিষয়ক পরিকল্পনা তরুণ আইনজীবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, বার কাউন্সিলের পরীক্ষা দ্রুত সম্পন্ন করে তাদের আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণে তিনি সহযোগিতা করতে চান। এছাড়া সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার আশ্বাস দেন। তবে তথ্য প্রবাহের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা অন্য কোনো মাধ্যমে যেন অপতথ্য না ছড়ায়, সে বিষয়েও তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

















