ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীতে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন।
সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এই বর্বরোচিত হামলা চালায়। প্রকাশ্য জনপদে একজন উচ্চপদস্থ চিকিৎসকের ওপর এমন সন্ত্রাসী হামলা রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. আহমদ হোসেন হাসপাতাল থেকে ব্যক্তিগত কাজ সেরে বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলি দিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী আকস্মিকভাবে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাঁর ডান হাত ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। রক্তাত্ব অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত গলি দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ডা. আহমদ হোসেনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাঁর নিজ কর্মস্থল জাতীয় ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পিঠ ও হাতের ক্ষত গভীর হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এই ন্যাক্কারজনক হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বনানী থানা পুলিশ। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। তবে হামলার মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খোদ রাজধানীতে একজন সরকারি কর্মকর্তার ওপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় চিকিৎসক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসী হামলার মূল হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে।

















