কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধ ১০

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে এক লোমহর্ষক সশস্ত্র হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ নারী ও শিশু মিলিয়ে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬), তার বৃদ্ধ বাবা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা ও তার স্ত্রী তমা খাতুনসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে রবিউলের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারের মধ্যে রবিউল ইসলাম তার বাড়ির সামনে অবস্থান করছিলেন, ঠিক তখনই ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিতভাবে তাকে ঘিরে ফেলে। তার প্রাণরক্ষার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। বিদ্যুৎহীন রাতে হঠাৎ এমন গুলিবর্ষণে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করা হয়। রবিউলের মামা লিয়াকত মেম্বার জানান, কারো সাথে প্রকাশ্য শত্রুতা না থাকা সত্ত্বেও কেন এই বর্বরোচিত হামলা চালানো হলো, তা নিয়ে তারা আতঙ্কিত ও বিস্মিত।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দৌলতপুর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

















