ককটেল ফাটিয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক কার্যালয় দখল

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ও ব্যাপক তাণ্ডব চালিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ‘উদ্ধার’ করেছে মহানগর শ্রমিক দল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাভর নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষ ও দখলের ঘটনা ঘটে।
শ্রমিক সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগ সমর্থিত সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী আত্মগোপন করলে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। তবে বুধবার পাখির অনুসারীদের হাতে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত হলে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং নতুন নির্বাচনের দাবি তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শতাধিক শ্রমিক নির্বাচনের দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিকেল সাড়ে চারটার দিকে রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে দুই শতাধিক অনুসারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করে সেখানে পৌঁছান। এসময় তারা ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটালে সাধারণ শ্রমিকরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পিছু হটেন।
পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়কের বাসগুলো সরিয়ে নেওয়া হয়। পাখির অনুসারীরা কার্যালয়ের দখল নেওয়ার সময় পার্শ্ববর্তী কয়েকটি দোকান, ভবনের কাঁচ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবের সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা অনেকটা ‘নিস্পৃহ’ অবস্থায় ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “আওয়ামী লীগের নেতারা সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে কার্যালয়ে তালা লাগিয়েছিল। আমরা নিয়মতান্ত্রিকভাবে কার্যালয়টি উদ্ধার করেছি। এখন সবকিছু শান্ত রয়েছে।” তবে সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন, নির্বাচিত নেতৃত্ব ছাড়াই জোর করে সংগঠন দখল করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের উপস্থিতিতে তাণ্ডবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

















