ইহুদিদের জঘন্য বলায় ভিসা বাতিল হলো শায়খ আহমাদুল্লাহর

বিতর্কিত মন্তব্যের জেরে মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের দায়ী করার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল’-এর আমন্ত্রণে একটি ধর্মীয় সফরে অস্ট্রেলিয়া যান। সেখানে সিডনিসহ বেশ কয়েকটি শহরে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সফরের মাঝপথেই তার পুরনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘একজন পণ্ডিত একবার বলেছিলেন… এমনকি যদি দুটি মাছও মারামারি করে, তবে বুঝতে হবে এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। তারা এতটাই জঘন্য… পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর হলো তারা।’ এই ধরনের বক্তব্যকে চরম ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
ভিসা বাতিলের ফলে শায়খ আহমাদুল্লাহ বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এই বিতর্কের জেরে সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে নির্ধারিত তার সবকটি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, যারা ঘৃণা বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, তাদের প্রতি সরকারের কোনো সহনশীলতা নেই। এদিকে বিরোধী দলীয় ছায়া পররাষ্ট্রমন্ত্রী মাইকেলিয়া ক্যাশ বর্তমান সরকারের স্ক্রিনিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
জানা গেছে, শায়খ আহমাদুল্লাহকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

















