আমি অসৎ হলেও আমাকে ছাড় দেবেন না : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সংসদীয় আলোচনায় নিজের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, “কেউ অসৎ হলে তাকে ছাড় দেওয়া উচিত নয়। আমি নিজেও যদি অসৎ হই, তাহলে আমাকে ছাড় দেবেন না। বরং জাতির স্বার্থে আরও বেশি করে ধরুন এবং এক্সপোজ করুন।”
গত বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে (বিধি-৬৮) আলোচনা চলাকালে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, যারা প্রকৃতপক্ষে অসৎ, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শ ধারণ করে না; বরং তারা কেবল দলের সুযোগ নেয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এরা সুবিধাবাদী—দল বিপদে পড়লে সবার আগে পালিয়ে যায়। সংকটময় পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।” এই ধরনের সুযোগসন্ধানীদের কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংসদ সদস্যদের বক্তব্যের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ কক্ষের ভেতরে দেওয়া প্রতিটি বক্তব্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তাই প্রতিটি কথা হতে হবে তথ্যনির্ভর এবং সত্য। তিনি আরও বলেন:
“আজ এক কথা, কাল আরেক কথা বললে জনগণ আমাদের ওপর আস্থা হারাবে। আমাদের প্রতিটি বক্তব্য ধারাবাহিক এবং দায়িত্বশীল হওয়া প্রয়োজন।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের প্রতিটি রাজনৈতিক কর্মীকে সততা ও নিষ্ঠার সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।

















