আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং এর অংশ হিসেবে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশবাসীকে আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, “হতাশ হওয়ার কিছু নেই, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এমনকি নারী ডিসি ও এসপিরা, এমনকি আমার স্ত্রীও এই কার্ডের আওতায় আসবেন। কারণ জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই।” তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড কেবল একটি কার্ড নয়, এটি সাধারণ মানুষের শক্তি ও ক্ষমতার প্রতীক, যা পরিবারে নারীর গুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করবে।
বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার গঠনের মাত্র ২২ দিনের মাথায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার ও বীজ নিশ্চিত করতে ‘কৃষি কার্ড’ দেওয়া হবে। গত ১৫ বছরের শাসন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এবার কোনো প্রকার স্বজনপ্রীতি বা টাকা-পয়সা ছাড়াই ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নের বিষয়ে তিনি ঘোষণা দেন, ২০২৭ সাল নাগাদ স্থানীয় মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















