দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি দেশে থাকবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, “নির্বাচন ছিল নির্ভেজাল, উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য। নির্বাচনের দিন কোনো ব্যালট বাক্স ছিনতাই হয়নি। কুলাউড়ার একটি ছোট ঘটনা ঘটতে চেয়েছিল, তবে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো নির্বাচন সম্পূর্ণ ফ্রি ও ফেয়ার হয়েছে।”
দেড় বছরের দায়িত্বকাল মূল্যায়ন করে তিনি বলেন, “আমি দায়িত্ব গ্রহণের সময় পরিস্থিতি ভঙ্গুর ছিল, কিন্তু এখন তা স্থিতিশীল। যারা আমাদের সঙ্গে কাজ করেছে, তারা সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য।”
তিনি আরও বলেন, “পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। ভবিষ্যতের মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ থাকবে, তবে দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। তার জন্য আমার দোয়া থাকবে।”
দেশে থাকবেন কি না জানতে চাইলে তিনি নিশ্চিত করেন, “অবশ্যই দেশে থাকব। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কখনো কারো কাছে সুপারিশ করেছে।”


