ভারতকে সাত উইকেটে হারাল আরব

থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারতের বিপক্ষে রূপকথার জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শুক্রবার ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। আমিরাতের অধিনায়ক এসা ওঝার হার না মানা অর্ধশতক এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই মূলত ধরাশায়ী হয়েছে ভারতীয় মেয়েরা।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত এ নারী দল। তবে শুরুটা একদমই প্রত্যাশামতো হয়নি তাদের। মাত্র ৯ রানেই ২ উইকেট এবং পাওয়ার প্লের মধ্যেই তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে দল। ওপেনার হুমাইরা কাজী ৩ এবং তেজা হাসাবনিস ১ রান করে আউট হন। মিডল অর্ডারে আনুস্কা শর্মা ৪৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের হাল ধরেন। শেষদিকে তানুজা কানওয়ারের ২৫ বলে ৩৪ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় ভারত। আমিরাতের পক্ষে সামাইরা ধারিনধারকা ২৬ রানে ৩টি উইকেট শিকার করেন।
১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাতের দুই ওপেনার থেরথা সাতিস ও এসা ওঝা উড়ন্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪০ রান। থেরথা ১০ রান করে ফিরলে দ্বিতীয় উইকেটে সামাইরাকে সাথে নিয়ে জয়ে ভিত মজবুত করেন এসা ওঝা। সামাইরা ৩১ বলে ৩৪ রান করে আউট হওয়ার আগে অধিনায়কের সাথে ৭১ রানের কার্যকরী জুটি গড়েন।
শেষদিকে দ্রুত উইকেট হারালেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন এসা ওঝা। তিনি ৬১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাত। ভারতের পক্ষে রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার একটি করে উইকেট নিলেও আমিরাতের দাপুটে জয় ঠেকাতে পারেননি তারা।

















