যুক্তরাষ্ট্র পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে: খাজা আসিফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক নিয়ে অত্যন্ত কড়া ও বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াশিংটন তার নিজস্ব স্বার্থে পাকিস্তানকে বারবার ব্যবহার করেছে এবং কাজ ফুরিয়ে গেলে ‘টয়লেট পেপারের মতো’ ছুড়ে ফেলে দিয়েছে। অতীতের এই ভুল সিদ্ধান্তের কারণে পাকিস্তানকে যে ভয়াবহ মূল্য দিতে হচ্ছে, তা কখনো পূরণ হওয়ার নয় বলেও তিনি মন্তব্য করেন।
খাজা আসিফ তার বক্তব্যে উল্লেখ করেন, বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ হওয়া পাকিস্তানের জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে। তার মতে, পাকিস্তান তখন একটি পরাশক্তিকে সন্তুষ্ট করার জন্য আফগান যুদ্ধে অংশ নিয়েছিল এবং তালেবানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সরে গেলেও পাকিস্তানকে দীর্ঘমেয়াদি সহিংসতা, উগ্রবাদ ও গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, সাবেক দুই সামরিক শাসক—জেনারেল জিয়াউল হক ও পারভেজ মোশাররফ ইসলামের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত ক্ষমতা ও পরাশক্তিকে খুশি করতে আফগান যুদ্ধে জড়িয়েছিলেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “আজকের সন্ত্রাসবাদ অতীতের স্বৈরশাসকদের ভুল সিদ্ধান্তের প্রতিঘাত।” এমনকি ওই যুদ্ধকে বৈধতা দিতে গিয়ে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় যে মতাদর্শগত পরিবর্তন আনা হয়েছিল, তার নেতিবাচক প্রভাব আজও সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
পরিশেষে খাজা আসিফ স্বীকার করেন যে, পাকিস্তান প্রায়ই তার সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অতীত অস্বীকার করার চেষ্টা করে, যা দেশের জন্য আরও ক্ষতির কারণ হচ্ছে। তিনি মনে করেন, অতীতের সেই সিদ্ধান্তগুলো ছিল ‘অপরিবর্তনীয় ভুল’, যার কারণে পাকিস্তান যে সামাজিক ও রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তা থেকে উত্তরণ প্রায় অসম্ভব।

















