ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলি প্রেসিডেন্ট

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের সহিংস হামলার ঘটনায় কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘ঈশ্বরের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। একই প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
সোমবার (২৩ নভেম্বর) জেরুজালেমে আয়োজিত ইএলএনইটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হারজগ বলেন, পশ্চিম তীর কিংবা ইসরায়েলের অন্য কোথাও নিরীহ মানুষ ও তাদের বসতিতে উগ্রপন্থিদের হামলার কোনো সুযোগ নেই। এ ধরনের সহিংসতা ঘৃণ্য এবং এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।
ইসরায়েলি প্রেসিডেন্ট আরও বলেন, এসব হামলা শুধু মানুষের ওপর সহিংসতা নয়; এটি নৈতিক মূল্যবোধ, ইহুদি জনগোষ্ঠীর ইতিহাস এবং স্বয়ং ঈশ্বরের ওপরও আঘাত। এ ধরনের কর্মকাণ্ড ইসরায়েল রাষ্ট্রের পরিচয় বা প্রতিনিধিত্ব করে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি রামাল্লার আশপাশের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ ওঠে। গত শনিবার রাতে সংঘটিত এসব ঘটনায় প্রায় এক ডজন গাড়ি এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। এর পরপরই হারজগের এমন বক্তব্য সামনে আসে।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অভিযোগ করেছেন, উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতা সম্পর্কে সরকার অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তার ভাষায়, সরকার ‘ইহুদি সন্ত্রাসবাদ’ দেখেও না দেখার ভান করছে।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ এসব সহিংসতায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সহিংস বসতি স্থাপনকারীদের সমর্থনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
সম্মেলনে অংশ নেওয়া বিদেশি কূটনীতিক ও আইনপ্রণেতাদের উদ্দেশে হারজগ জানান, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কাজ করছে। অভিযুক্তদের গ্রেফতার, তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


















