শ্রমিক অসন্তোষে ফের অস্থির সাভার-আশুলিয়ায়, অর্ধশতাধিক কারখানায় ছুটি

শনিবার সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব পড়ে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি প্রতিষ্ঠানে উৎপাদন শুরু করতে অস্বীকৃতি জানান তারা। কোথাও কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন, আবার কোথাও বাইরে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংহপুর এলাকার একটি কারখানায় সকালে শ্রমিকেরা প্রবেশ করলেও উৎপাদনকাজে অংশ নেননি। পরে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। একই পরিস্থিতি তৈরি হয় আশপাশের আরও কয়েকটি কারখানায়।
অন্যদিকে, আশুলিয়ার কাঠগড়া এলাকায় ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টার দিকে চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বসে থাকেন। মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে কয়েক ঘণ্টা অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চিন্তা করেছিল। কিন্তু শ্রমিকদের কর্মবিরতির মুখে ওই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানায় অসন্তোষ ও কর্মবিরতির ঘটনা ঘটায় অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে এবং নোটিশের মাধ্যমে ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।’
শ্রমিক অসন্তোষের কারণে ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স, আল-মুসলিম, অ্যালায়েন্স, রাতুল, অরুণিমা, রেডিয়্যান্স, সাউদার্ন ও এবিসি লেদারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান।
এ অবস্থায় আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


















