জুতা ও চামড়াপণ্য কারখানার শ্রমিকদের বেতন বাড়ল ৪,৮০০ টাকা

দীর্ঘ ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে সরকার। কর্মচারীদের সর্বনিম্ন বেতন করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। পাশাপাশি প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি এবং কর্মচারীদের জন্য চারটি গ্রেড রাখা হয়েছে। শ্রমিকদের ক্ষেত্রে আগে সর্বনিম্ন বেতন ছিল ৭ হাজার ১০০ টাকা। নতুন কাঠামোতে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০০ টাকায়।
গ্রেডভেদে শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ থেকে ২৩ হাজার ২৫৫ টাকা পর্যন্ত। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটররা পাবেন ১১ হাজার ৯০০ টাকা। পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের বেতন ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা।
এ ছাড়া তৃতীয় গ্রেডের অপারেটরদের জন্য ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের জন্য ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে থাকা চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক বেতন হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
নতুন কাঠামো অনুযায়ী, সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে পাবেন ২ হাজার ৯০০ টাকা। সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা এবং অন্যান্য ভাতা যুক্ত হয়ে মোট মজুরি দাঁড়াবে ১১ হাজার ৯০০ টাকা।
কর্মচারীদের জন্য সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা হিসেবে পাবেন আরও ২ হাজার ৯০০ টাকা।
কর্মচারীদের তৃতীয় গ্রেডে বেতন ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক বেতন হবে ১০ হাজার টাকা।
শিক্ষানবিশ শ্রমিকদের ক্ষেত্রেও মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজন হলে মালিকপক্ষ এই সময়সীমা বাড়াতে পারবে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী। নতুন কাঠামোতে আয় বাড়লেও বাজারের চলমান মূল্যস্ফীতির সঙ্গে নির্ধারিত মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।
এ বিষয়ে মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’


















