মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের আট নাবিকের আত্মহত্যার চেষ্টা

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধকালীন অভিযানের প্রচণ্ড মানসিক চাপে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও মার্কিন সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডকে দেওয়া এক চিঠিতে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার অংশ হিসেবে রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে গত বছরের নভেম্বর থেকে দীর্ঘ সময়ের জন্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময় পেরিয়ে এটি টানা ২৮৬ দিন সমুদ্রে অবস্থান করে। কোনো ধরনের বিরতি ছাড়া সমুদ্রের বুকে একটানা ৬ মাসেরও বেশি সময় ভেসে থাকায় নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটে।
ভারপ্রাপ্ত নৌসচিবের চিঠির তথ্যানুযায়ী, এই দীর্ঘ মিশন চলাকালীন স্ট্রাইক গ্রুপের বিভিন্ন জাহাজ ও স্কোয়াড্রনের মোট আটজন নৌসেনা আত্মহত্যার চেষ্টা করেন। এদের মধ্যে গত আগস্ট মাসে এক নাবিক গভীর সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, যাকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার করা হয়। এছাড়া গত মার্চেও আরেকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকে দেন। তবে স্বস্তির বিষয় হলো, অভিযানে কোনো নাবিকই প্রাণ হারাননি।
মার্কিন সামরিক কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, সাধারণত একটি বিমানবাহী রণতরির স্বাভাবিক মোতায়েনে বছরে সর্বোচ্চ এক বা দুটি আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটে।সেই তুলনায় একটি মিশনের মধ্যে আটটি ঘটনা অত্যন্ত বেশি এবং চরম উদ্বেগজনক।
ঘটনার পর মার্কিন সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে একে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও দেশের জন্য জীবন বাজি রাখা সৈনিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান রক্ষায় চরম ব্যর্থ হয়েছে।
টানা কয়েক মাস মধ্যপ্রাচ্যে সেবা দেওয়ার পর অবশেষে ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। দীর্ঘ মিশন শেষে রণতরি আব্রাহাম লিংকন বর্তমানে তার নিজ ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর দিকে ফিরে আসছে।






