নেপালে এ পর্যন্ত ৬৯১টি মৃতদেহ উদ্ধার, প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনেরা

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৬৯১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ প্রায় তিন হাজার মানুষ। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেপাল সরকার জানিয়েছে, দেশটিতে কয়েকশ বিদেশিসহ ২ হাজার ৪২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ৬৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাঠমান্ডু।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার অনেকটাই সীমিত। ফলে এই অঞ্চলে দুর্যোগের ভয়াবহতার সঠিক চিত্র তুলে ধরা বেশ কঠিন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি রোববার জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন এবং ১৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।
নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে মানবিক বিপর্যয় ঘনীভূত হচ্ছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে নেপালের প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি বিশেষায়িত উদ্ধার সরঞ্জামের জরুরি আবেদন জানিয়েছে।
বিশেষ করে দুর্গম এলাকায় কাজ করার জন্য ভারী মালামাল বহনে সক্ষম ড্রোন, পরিচয় শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার কিট এবং মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজার ইউনিটের চাহিদা জানানো হয়েছে।
এদিকে, উদ্ধার অভিযানের প্রধান কেন্দ্র বিদুর শহরের সেনাচৌকিতে এখন মানুষের উপচেপড়া ভিড়। সেখানে দেয়ালে সাঁটানো উদ্ধার হওয়া ব্যক্তিদের তালিকার চারপাশে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন স্বজনরা। তালিকার প্রতিটি নামে তারা খুঁজে ফিরছেন প্রিয়জনদের।

















