সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেনা ভারত, আগামী জানুয়ারিতে হতে পারে সিরিজ

সেপ্টেম্বরে হচ্ছে না ভারতের বাংলাদেশ সফর। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় দল। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই সূত্র জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’
ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচগুলো। তবে এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।
গত জানুয়ারিতে বিসিবি ভারতের সফর ঘোষণার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। ভারতীয় উগ্রবাদীদের রোষানলে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।
এরপর তৎকালীন সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি বাংলাদেশ দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল সেই বিশ্বকাপ। বাংলাদেশ দাবি করেছিল, তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে নেওয়া হয়। সেই শর্ত মানেনি আইসিসি, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে সম্পন্ন করে সেই আয়োজন।
এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসের শুরুতে ভারত সফর করেন তামিম। এ সময় তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও ঘুরে দেখেছেন।

















