নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করল গুগল

স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ১৭’ উন্মোচন করেছে। প্রাথমিকভাবে গুগলের নিজস্ব ‘পিক্সেল’ ডিভাইসগুলোতে এই আপডেট পাওয়া যাচ্ছে। তবে ধাপে ধাপে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোতেও ২০২৬ সালের মধ্যে এই নতুন অপারেটিং সিস্টেম পৌঁছে যাবে বলে জানিয়েছে টেক জায়ান্টটি।
অ্যান্ড্রয়েড ১৭-এর সবচেয়ে আলোচিত ফিচারগুলোর একটি হলো ‘বাবল’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো চলমান অ্যাপকে ছোট একটি ভাসমান উইন্ডোতে রূপান্তর করে স্ক্রিনের যেকোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন। বিশেষ করে নেভিগেশন ম্যাপ ব্যবহারের সময়, ফোনে কথা বলাকালীন নোট নেওয়া কিংবা মেসেজিং অ্যাপ খোলা রেখে অন্য কাজ করার ক্ষেত্রে এই ফিচারটি দারুণ কাজে আসবে।
নতুন সংস্করণের স্ক্রিন রেকর্ডিং সিস্টেমে যুক্ত হয়েছে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামের একটি নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে নিজের প্রতিক্রিয়াও ভিডিওতে যুক্ত করতে পারবেন। এ ছাড়া ফোল্ডেবল ডিভাইসে গেম খেলার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে আনা হয়েছে বিশেষ গেমিং মোড, যেখানে স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে ওপরের অংশে গেম এবং নিচের অংশে কন্ট্রোলার ইন্টারফেস দেখা যাবে।
নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে এবার বড় ধরনের জোর দিয়েছে গুগল। এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো অ্যাপকে স্থায়ী অনুমতি না দিয়ে কেবল একবারের জন্য ‘লোকেশন অ্যাক্সেস’ দিতে পারবেন। পুরো কনট্যাক্ট লিস্ট শেয়ার না করে নির্দিষ্ট কিছু নম্বর শেয়ার করার সুবিধাও থাকছে এতে। হারানো ফোন সুরক্ষার জন্য গুগল তাদের ‘লস্ট মোড’-এ এখন বায়োমেট্রিক (আঙুলের ছাপ বা ফেস আইডি) যাচাই বাধ্যতামূলক করেছে। ফলে পিন বা পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও বায়োমেট্রিক ছাড়া ডিভাইসটি ব্যবহার করা সম্ভব হবে না।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৭-এর আরও কিছু উন্নত ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার ধীরে ধীরে প্রকাশ করা হবে। এর মধ্যে রয়েছে জেমিনি ইন্টেলিজেন্স, নতুন ইমোজি ডিজাইন এবং স্মার্ট উইজেট। এই ফিচারগুলো প্রথমে পিক্সেল ১১ সিরিজ এবং স্যামসাংয়ের নতুন ডিভাইসে দেখা যাবে। এর পাশাপাশি গুগলের স্মার্টওয়াচের জন্য ‘ওয়্যার ওএস ৭’ আপডেটও আসছে, যা ব্যাটারির কার্যক্ষমতা বাড়াবে।







