প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশনসহ নানা বিশেষ সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিউইয়র্কে জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে গিয়ে এসব তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে এই প্রবাসী কার্ড চালু হতে পারে। দেশের আর্থিক খাত শক্তিশালী করতে যারা অবদান রাখছেন, এই কার্ডের মাধ্যমে তাদের বিশেষ স্বীকৃতি দেওয়া হবে। এর আওতায় বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে সেবা, দেশে অবস্থানকালে বিশেষ নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বাড়তি লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা থাকবে।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী। প্রবাসীদের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বিনিয়োগ করতে চাইলেও প্রতারণার ভয়ে পিছিয়ে যান। সরকার প্রবাসীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।”
নিউইয়র্কসহ বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও সরকার ইতিবাচক বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের দাবি-দাওয়ার বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

















