আড়াই মাস পর চট্টগ্রাম বন্দরে এসেছে অপরিশোধিত জ্বালানি তেলের চালান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশে এসেছে অপরিশোধিত জ্বালানি তেলের নতুন চালান। বুধবার দুপুরে প্রায় এক লাখ টন তেল নিয়ে ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবদিয়া আউটার অ্যাংকারেজে নোঙর করেছে।
ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের কারণে গত মার্চ ও এপ্রিল মাসে কোনও অপরিশোধিত জ্বালানি তেলের চালান দেশে আসেনি। এতে রাষ্ট্রায়ত্ত একমাত্র এই শোধনাগারটির কার্যক্রম প্রায় বন্ধ হয়েছিল। নতুন এই চালান পৌঁছানোয় জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিফাইনারি সূত্র বলছে, জাহাজ থেকে তেল খালাস করতে কয়েক দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে উৎপাদন ইউনিটগুলো চালু করা হবে। আগামী ৯ মে থেকে পূর্ণ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদী তারা। এতে করে দেশে ডিজেল, পেট্রলসহ অন্যান্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য বলছে, দেশের মোট জ্বালানি চাহিদার সিংহভাগ (প্রায় ৭৫-৮০ শতাংশ) সরাসরি পরিশোধিত তেল আমদানির মাধ্যমে মেটানো হয়। বাকি ২০-২৫ শতাংশ চাহিদা পূরণ হয় আমদানি করা অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে। বছরে গড়ে ১৫ থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল এখানে পরিশোধন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সরবরাহ বিঘ্নে পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ব্যবস্থাপনায় যে চাপ তৈরি হয়েছিল, নতুন এই চালান আসায় তা অনেকটাই কেটে যাবে।

















