ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো

ইতালিয়ান জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। পেপ গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর চার বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে পিরলোর সঙ্গে সমাঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ইতালিয়ান দৈনিক ‘লা রিপাবলিকা’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইতালির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে বিশ্বকাপ জেতেন। ক্লাব ফুটবলে ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি।
৪৭ বছর বয়সী পিরলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ইউনাইটেড’ দলের কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসকে ‘কোপ্পা ইতালি’ ও ‘ইতালিয়ান সুপার কাপ’ শিরোপা জিতিয়েছিলেন তিনি।
পিরলোর সঙ্গে সমঝোতার খবরটি আসে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভানি মালাগো গার্দিওলার মতো হাই-প্রোফাইল কাউকে পেতে আর্থিক নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ এই কৌশলবিদ দায়িত্ব নিতে অপারগতা জানান।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় গত এপ্রিলে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের অনুসন্ধানে নামেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এর মাঝে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সাথেও যোগাযোগ করেছিল।
এদিকে, ম্যানসিটির হয়ে এক দশকে টানা চারবারসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতে সম্প্রতি ক্লাবটি ছেড়েছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা।

















