৫০ বছর পর এই দুঃখ নিয়ে মরতে হবে: ডলি জহুর

দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে অসংখ্য প্রাপ্তি আর দর্শকের ভালোবাসা পেলেও জীবনের এই সায়াহ্নে এসে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য ও বর্তমান সময়ের ‘সোশ্যাল মিডিয়া কালচার’ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “আমি কখনো ভাবিনি যে অভিনয়ের জন্য আমাকে নেতিবাচক কোনো কথা শুনতে হবে। আল্লাহর কসম, কখনো কল্পনাও করিনি যে কেউ আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে।”
আক্ষেপ করে ডলি জহুর আরও বলেন, “আজকাল আমার দর্শক হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসে না। ভালোবাসে না বলেই হুট করে এমন সব মন্তব্য করে বসে, যা একজন মানুষের ভিত নাড়িয়ে দিতে পারে। তারা বোঝে না এই মন্তব্যগুলো কতটা কষ্টের। এই দুঃখটা নিয়েই হয়তো আমাকে মরতে হবে।”
বর্তমান সময়ের দর্শকদের রুচি ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমাদের দেশে বয়স হয়ে গেলে বয়স্ক শিল্পীদের কেউ তেমন পছন্দ করে না, এটিই নির্মম সত্য। ৫০ বছর ধরে অনেক পেয়েছি, মানুষের আগ্রহ দেখেছি। কিন্তু এখন জানি না, আমি মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না, বা বলবে কি না— আহারে বেচারি মারা গেছে!”
নিজের দীর্ঘ ক্যারিয়ারে কোনোদিন ‘দাগ’ লাগবে না বলে বিশ্বাস করা এই অভিনেত্রী এখন সামাজিক মাধ্যমের নিষ্ঠুরতায় বড় বেশি একা বোধ করছেন। তার এই মন্তব্য শোবিজাঙ্গনসহ ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

















