ছাত্রদলকর্মীকে হত্যাচেষ্টা মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তবে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় মামলার এজাহারভুক্ত ১২৭ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
শনিবার (২ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও অন্যতম আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলার বিবরণী থেকে জানা যায়, চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। ওই সময় আন্দোলনকারীদের ওপর অতর্কিত লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক। হামলাকারীরা তাকে ‘মৃত ভেবে’ রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তিনি দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বছরের ২৮ সেপ্টেম্বর বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। মামলায় ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড়শ জনকে আসামি করা হয়েছিল।
পুলিশের দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ শীর্ষ নেতাদের ষড়যন্ত্র ও পূর্ব-নির্দেশনা অনুযায়ী অন্যান্য আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা দেশজুড়ে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে দমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল।
দীর্ঘ তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে পুলিশ এই ৪০ জনের বিরুদ্ধে আদালতে বিচারিক প্রক্রিয়া শুরুর সুপারিশ করেছে।

















