শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০১৩ সালের মে মাসে ঢাকার শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আদেশ জারি করেন। ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামিকে আদালতে হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আসামিরা ট্রাইব্যুনালে হাজির না হলে কিংবা তাদের সন্ধান না পাওয়া গেলে, তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সচল রাখতে ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেবেন।
এই মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে গ্রেফতার থাকা ১০ আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ আরও কয়েকজন। অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে হাজির করা সম্ভব হয়নি।
২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে এই দমন-পীড়ন চালানো হয়। মামলার নথি অনুযায়ী, এই সহিংসতায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। চলতি বছরের ২৭ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

















