ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এক নেতাসহ আটক দুই

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় সংগঠনটির এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে এই ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক রুবেল।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভোরে ১০-১২ জন নেতাকর্মী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি ঝটিকা মিছিল বের করেন এবং ব্যানার প্রদর্শন করেন। মিছিলে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তাঁরা দ্রুত সেখানে অপেক্ষায় থাকা একটি কালো রঙের মাইক্রোবাসে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। তাঁদের পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিল চলাকালে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ফারহান তানভীর নাসিফের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে। তবে বর্তমান ঘটনার প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

















