কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

দীর্ঘ ১০ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্ত হন। বিষয়টি অভিনেতা নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কারাগার থেকে বের হওয়ার পর নিজের অনুভূতির কথা জানিয়ে সিদ্দিক বলেন, ‘আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’
মুক্তির পর গত কয়েকদিন পর্দার আড়ালে থাকা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি কাউকে জানাইনি।’
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানা এলাকায় পারভেজ বেপারী নামে এক ফার্নিচারকর্মী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১২ আগস্ট তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘ সময় ধরে দেশের টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। আন্দোলনের সময় তাঁর গ্রেপ্তার হওয়া শোবিজ অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

















