সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন কারাগারে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
এর আগে রোববার ভোরে সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান বিকেলে ডনকে আদালতে হাজির করেন। তদন্ত চলাকালে ডন জামিন পেলে পুনরায় পলাতক হওয়া বা তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা প্রকাশ করে তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানানো হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ডনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় জামিনের শুনানি অনুষ্ঠিত হয়নি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের অক্টোবর মাসে অপমৃত্যু মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করার নির্দেশ দেন আদালত। এরপর সালমান শাহ’র মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় ডনসহ ১১ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।
















