ইরানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জয়ী হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এই জয়কে আরও বড় ব্যবধানে নিয়ে যেতে চান। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, “ওয়াশিংটন তেহরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থাসহ তাদের নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে। আমরা ইতিমধ্যেই জিতে গেছি, কিন্তু আমি আরও বড় ব্যবধানে জিততে চাই।”
সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে তেহরানের ঘুরে দাঁড়াতে অন্তত দুই দশক সময় লাগবে। তাঁর মতে, এখনই যুদ্ধ বন্ধ হলেও ইরানকে পুনর্গঠন করতে ২০ বছর সময় প্রয়োজন। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে অবরোধের কারণে ইরানের অর্থনীতি এখন চরম বিপর্যয়ের মুখে। দেশটিতে মুদ্রাস্ফীতি ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে এবং তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে।
হামলা চালিয়ে সামরিক সক্ষমতা ধ্বংস করলেও ট্রাম্পের প্রধান লক্ষ্য পারমাণবিক নিরস্ত্রীকরণ। তিনি বলেন, “ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। এটি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।”
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির তীব্র বিরোধিতা করেছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তারা তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে, হরমুজ প্রণালি ঘিরে চলমান এই উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়ে প্রতি ব্যারেল ১২৬ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

















