পাঁচ দিনে শাহ্জালালে ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পাঁচ দিনে শাহ্জালাল বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি এবং মঙ্গলবার ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, বুধবার নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ২৫টি বাতিল করার খবর দিয়েছে শাহ্জালাল কর্তৃপক্ষ। এর মধ্যে কাতার এয়ারলাইন্সের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারলাইন্সের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকে।
ফলে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ অবস্থায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হয়। ভোগান্তিতে পড়েন এসব দেশের অনেক যাত্রী।
বিমানবন্দর কর্তৃপক্ষ বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যেসব যাত্রী বিমানবন্দরে উপস্থিত রয়েছেন এবং যাদের রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
যাত্রীদের ধৈর্য ধারণ ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে শাহ্জালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
চার দিনে ছেড়েছে ৪৩০টি ফ্লাইট
গেল চার দিনে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ৪৩০টি ফ্লাইট। মঙ্গলবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা অব্যাহত ছিল। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ১২৪টি, ১ মার্চ ১১২টি, ২ মার্চ ৯০টি, ৩ মার্চ ১০৪টি ফ্লাইট পরিচালিত হয়।
মালয়েশিয়ার কুয়ালালামপুর, হংকং, ব্যাংকক, টরন্টো, ইস্তাম্বুল, সিঙ্গাপুর, হ্যানয়, মালদ্বীপ, কলকাতা, মুম্বাই, রোম, কাঠমান্ডু, কলম্বো, হায়দারাবাদ, কুনমিং, দিল্লি, আদ্দিস আবাবা, চেন্নাই, চট্টগ্রাম, বেইজিং ও গুয়াংজু রুটে এসব ফ্লাইট ঢাকা ছাড়ে।

















