বহুমুখী মিশনে ঢাকায় মার্কিন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পল কাপুর

ঢাকা–ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পল কাপুর। মঙ্গলবার রাত সোয়া ৯টায় দিল্লি থেকে ঢাকায় পৌঁছেন। শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। তার এই সফর হবে তিনদিনের।
মার্কিন পররাষ্ট্র দফতরে ডোনাল্ড লু’র উত্তরসূরি হিসেবে এটি তার প্রথম ভারত ও বাংলাদেশ সফর। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা তার সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকায় তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গ নিয়েও আলোচনা হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসানীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সাথে আলোচনা হতে পারে। সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও আলাপ করবেন তিনি।
সফরকালে তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন। এছাড়া তিনি আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি সরকারের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথেও বৈঠক করার কথা আছে।
সফরসূচি অনুযায়ী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে মতবিনিময়ের পাশাপাশি নৈশভোজে অংশ নেবেন।
সফরের শেষ দিন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। এদিন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও জানা গেছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইফতারেও যোগ দেওয়ার কথা আছে তার।
















