যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয়, কঠিন আঘাতে জবাব: লারিজানি

যুক্তরাষ্ট্রের সাথে ইরান কোনও ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রোববার এই ঘোষণা দেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিভিন্ন গণমাধ্যমে খবর আসে- ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছে ইরান। তবে আলি লারিজানি সেই খবর নাকচ করে দেন।
এক্সে দেওয়া পোস্টে লারিজানি ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প তার “অবাস্তব কল্পনায়” থাকেন। তিনি এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি আরও মার্কিন সেনা হতাহতের ভয়ে ভীত।’
লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর এমন শক্তিতে আঘাত হানার হুমকি দেন, যা আগে কখনো দেখা যায়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দিলেন।
এক্সে তিনি লেখেন, ‘গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা আঘাত পেয়েছে। আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব, যা তারা আগে কখনো দেখেনি।’
এর আগে তিনি বলেছিলেন, ইরানের হামলা মধ্যপ্রাচ্যের কোনও দেশকে লক্ষ্য করে নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

















