নতুন ডিজিএফআই মহাপরিচালককে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কায়সার রশিদ চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তাকে মেজর জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনানিবাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন মহাপরিচালককে এই উচ্চতর পদের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পদোন্নতির পর আনুষ্ঠানিকভাবে তিনি দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
র্যাংক ব্যাজ পরানোর সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
ডিজিএফআই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে শীর্ষস্থানীয় সংস্থা। নতুন মহাপরিচালকের নেতৃত্বে সংস্থাটি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

















