১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্ত হন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ ও আইনজীবীরা জানান, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২টি মামলা চলমান রয়েছে। সবগুলো মামলায় আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর আজ রাতে কারাগারের কাগজপত্র পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারাগারে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ তাঁর স্বজনেরা উপস্থিত ছিলেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার জজ আদালত ‘নো অর্ডার’ দেন। এর আগে গত ১০ মে পৃথক ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সব মিলিয়ে ১২টি মামলায় আপিল বিভাগের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরই তিনি মুক্তি পেলেন।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপর ২০১১ সালে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে জয়ী হন তিনি।










