সাত জুন বসছে বাজেট অধিবেশন

আগামী ৭ জুন বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন আহ্বান করেন। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।
সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে একে ‘২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়েছিলেন ২৮০ জন সংসদ সদস্য।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তন শেষে গত ১২ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করার পর ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। দীর্ঘ বিরতির পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটিই হতে যাচ্ছে বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন।

















