রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল আজহার নামাজ আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। এছাড়া রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা সব বয়সী ও সর্বস্তরের লাখো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের এই প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান জামাতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। সকাল ৭টা ১৯ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের স্বাগত জানান।
ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ঈদগাহে আসা মুসল্লিদের তল্লাশি চৌকি পার হয়ে মাঠে প্রবেশ করতে হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন করতে জাতীয় ঈদগাহের চারপাশের রাস্তায় যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়।
জাতীয় ঈদগাহের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপরই যে যার মতো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন।

















