শিশু রামিসা হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

রাজধানীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ‘দায়ে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মশাল মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিশু ধর্ষণ-হত্যা, নারী নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার (২০ মে) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ও পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রামিসা হত্যাকে অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ আখ্যা দিয়ে বলেন, “ফুটফুটে শিশুটির জন্য পুরো জাতি ব্যথিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্যথিত নন! আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।” তিনি বিএনপি সরকারের উদ্দেশ্যে বলেন, শুধু অতীতের সরকারের ব্যর্থতার বুলি দিয়ে নিজেদের দায় এড়ানো যাবে না। মানুষের অস্তিত্বে আঘাত লাগলে সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। বর্তমান সরকারের আমলে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই সামাজিক অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য দেন। এর আগে জামায়াতের আমির শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে রামিসার ধর্ষক ও খুনিদের দ্রুততম সময়ে বিচার দাবি করেন।
আজ বুধবার নিহত শিশু রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করে গভীর সান্ত্বনা ও সমবেদনা জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেনও রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
বিবৃতির মাধ্যমে এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মহিলা জামায়াত। সংগঠনটির সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি জানান, গত ৯ দিনে ৫টি শিশুকে হত্যা করা হয়েছে। এসব অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান তিনি। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন এখন চরমে পৌঁছেছে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ) দেশজুড়ে খুন ও ধর্ষণের মতো নৃশংস অপরাধের বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি বিক্ষোভ মশাল মিছিল বের করে জাতীয় ছাত্রশক্তি। অন্যদিকে, একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জবি শাখা ইসলামী ছাত্রীসংস্থা।










