রান্নাঘরের চুলার নিচ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে একটি বাড়ির রান্নাঘরের চুলার পাশ থেকে বিপুল সংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ডলার মাহমুদের বাড়িতে এই সাপের আস্তানার সন্ধান মেলে।
বাড়ির মালিক ডলার মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী রান্নাঘরের চুলার পাশে থাকা একটি ইট সরাতে গেলে হঠাৎ কয়েকটি ছোট সাপ বেরিয়ে আসে। এতে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। পরে স্থানীয়রা মিলে চুলার চারপাশের মাটি খুঁড়তে শুরু করলে বেরিয়ে আসতে থাকে একের পর এক বিষধর সাপ।
মাটি খুঁড়ে উদ্ধার কাজ চালানোর সময় ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ বের করে আনা হয়। বাড়ির মালিক বিস্ময় প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত এই রান্নাঘরটি ব্যবহার করি। প্রতিদিন যেখানে রান্না হয়, সেই চুলার নিচে এতগুলো বিষধর সাপ থাকতে পারে, তা আমরা কখনো কল্পনাও করিনি।”
একটি বসতবাড়ির ভেতর এত বিপুল সংখ্যক সাপের উপস্থিতিতে পুঠিমারী গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, আশপাশে আরও সাপের গর্ত থাকতে পারে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বন বিভাগের সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগে এবং গরম বাড়লে সাপ নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের বসতবাড়ির কোণ বা মাটির গর্তে আশ্রয় নেয়। ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং গর্তগুলো ভরাট করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

















