মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাকিব শাহরিয়ার (২২) খুন হয়েছেন।
বুধবার (১৭ জুন) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাকিব ও অভিযুক্ত ছোট ভাই মোহাম্মদ রাকিব শাহরিয়ার (১৮) ওই গ্রামের এরশাদুল হকের ছেলে এবং স্থানীয় গোবিন্দগঞ্জ বন্দরের পরিচিত ‘শিল্পী লাইব্রেরি’র মালিক জিয়ার নাতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজেদের বাড়িতে মোটরসাইকেল চালানো এবং সেটি কার কাছে থাকবে—এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব তীব্র উত্তেজিত হয়ে বড় ভাই সাকিবকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত সাকিবকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করেন। পরে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ছোট ভাই রাকিব গা-ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা (এজাহার) দায়েরের প্রস্তুতি চলছে।







