আন্দোলনেও বদলাবে না ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আজ সোমবার (১ জুন) মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ এবং পুলিশের লাঠিচার্জের ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
আজ সকাল থেকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল ব্যক্তি প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চলমান এই আন্দোলনের মুখে চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আন্দোলনের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। আজ যদি বাংলাদেশ ব্যাংক এই আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত নেয়, আর পরবর্তীতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য কোনো গ্রুপ আন্দোলন শুরু করে, তখন বাংলাদেশ ব্যাংক কী করবে? সুতরাং, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে। আন্দোলন দ্বারা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।”
এর আগে, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেদিনই ব্যাংকের কিছু কর্মকর্তা ও গ্রাহকের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেছিলেন। বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) দীর্ঘ ছুটিতে রয়েছেন।
এদিকে, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, কোনো উসকানি ছাড়াই পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বলপ্রয়োগ করেছে। সাধারণ গ্রাহকদের এমন যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

















