মেহেরপুরে পাঁচ মাস ওষুধ নেই ৭২ কমিউনিটি ক্লিনিকে

মেহেরপুর জেলার ৭২টি কমিউনিটি ক্লিনিকে গত পাঁচ মাস ধরে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রান্তিক ও দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ওষুধ না থাকায় সেবা না পেয়ে খালি হাতে ফিরছেন রোগীরা।
জেলায় প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে মোট ৭২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের আগস্টে এসব ক্লিনিকে সর্বশেষ ওষুধ সরবরাহ করা হয়েছিল, যা ডিসেম্বরেই শেষ হয়ে যায়। চলতি বছর নতুন কোনো বরাদ্দ না আসায় ক্লিনিকে এখন আয়রন ও ক্যালসিয়াম ছাড়া আর কোনো ওষুধ নেই।
গোভীপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ৮০ বছর বয়সী মোশারন খাতুন আক্ষেপ করে বলেন, “৫-৬ মাস ধরে ওষুধ পাচ্ছি না। শহরে গিয়ে ডাক্তার দেখানোর টাকা নেই। আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবে?” লিপি সুলতানা ও সালেহা খাতুন নামে অন্য সেবাগ্রহীতারা জানান, গ্রামের মানুষের জন্য এই ক্লিনিকগুলোই ভরসা। ওষুধ না থাকায় ছোটখাটো রোগও এখন জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।
ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বর্তমানে জ্বর, ঠান্ডা ও কাশির রোগীর চাপ বেড়েছে। কিন্তু ওষুধ না থাকায় তারা রোগীদের শুধু পরামর্শ দিয়ে বিদায় করছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ জানান, প্রতি তিন মাস অন্তর ২২ ধরনের ওষুধ বরাদ্দ পাওয়ার কথা থাকলেও এ বছর তা এখনও মেলেনি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে এবং দ্রুত ওষুধ পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

















