বাড়ল জ্বালানি তেলের দাম, লিটারে পাঁচ টাকা

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে ভোক্তাপর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।
আজ রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করা হয়, যা আগামীকাল সোমবার (১ জুন) থেকে দেশব্যাপী কার্যকর হবে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সঙ্গে দেশের বাজারের দাম মেলাতে প্রতি মাসেই এই মূল্য সমন্বয় করা হয়ে থাকে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ ভোক্তারা।

















