পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দাপ্তরিক ও নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা বিঘ্ন ঘটছে। এমতাবস্থায় বর্তমান সরকারের চলমান উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা অক্ষুণ্ন রাখার স্বার্থেই তিনি নিজ ইচ্ছায় এই পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি (২৯৯) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তাঁকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর এই আকস্মিক পদত্যাগের পর সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।


