বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার।
আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোটটি সাধারণের ব্যবহারের জন্য প্রচলনে আনা হয়েছে।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই ৫ টাকার কাগুজে নোটটি মুদ্রণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটটি ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য আঞ্চলিক অফিস থেকেও এটি ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।
নতুন এই নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার।
নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এ ছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে এই নোটে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সংবলিত জলছাপ, যার ঠিক নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম স্পষ্ট করা হয়েছে। নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত একটি বিশেষ নিরাপত্তা সুতা সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। এ ছাড়া সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ লেখা মুদ্রিত রয়েছে।
অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, নতুন এই ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত থাকা আগের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু ও সচল থাকবে।

















