রাড্ডাকাণ্ডে বিএনপির সংরক্ষিত নারী এমপি মিষ্টির পদত্যাগ

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা পাওয়ার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
১ অক্টোবর দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ দুই শতাধিক দুর্বৃত্ত হামলা চালায় এবং চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ লুট করে। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
এই জমি দখলের চেষ্টা ও হামলার পেছনে ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে এর আগেই ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়, যেখানে মিষ্টি ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক পদে ছিলেন। মিষ্টি অবশ্য এই হামলার সাথে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি পদত্যাগ করায় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার সংরক্ষিত মহিলা আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার মাত্র ৫ মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো।






