দেবিদ্বার-চান্দিনা সড়ক ৩০ ফুট প্রশস্ত হবে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। দেবিদ্বার-চান্দিনা সড়কটি ৩০ ফুট প্রশস্ত করা হলে এই এলাকায় শিল্পায়নের এক বিশাল দ্বার উন্মোচিত হবে।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমানে সড়কটি ৮.৫ মিটার করার প্রস্তাব থাকলেও আমি ৯.১৪ মিটার অর্থাৎ ৩০ ফুট প্রশস্ত করার দাবি জানিয়েছি। এই ২৫ কিলোমিটার সড়কটি কার্পেটিং হলে ঢাকার সাথে যোগাযোগ সহজ হবে এবং সড়কের দুই পাশের পাঁচটি ইউনিয়নে নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। যোগাযোগ সমস্যার কারণে অনেক বিনিয়োগকারী নিজ এলাকায় শিল্পকারখানা করতে চান না; রাস্তাটি হলে সেই বাধা দূর হবে।”
মাদক ও পরিবেশ রক্ষা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি হাসনাত বলেন, “আমরা গোমতী নদীর মাটি কাটা বন্ধ করে দিয়েছি। মাটি কাটার সঙ্গে জড়িতরা আইনি সুযোগ চায়। কিন্তু চোর যদি চুরির স্বাধীনতা চায়, তবে তা মেনে নেওয়া যায় না।”
অবৈধ ইটভাটা প্রসঙ্গে তিনি জানান, দেবিদ্বারে ২৪টি ইটভাটার মধ্যে মাত্র ৮টির বৈধতা রয়েছে। বাকি ১৬টি অবৈধ ইটভাটা পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। ইতোমধ্যে ভাঙার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে এই অভিযান চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন এবং সবাইকে ইটের পরিবর্তে ব্লকের ব্যবহারে উৎসাহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া এবং রোড ডেইজিং ইঞ্জিনিয়ার মো. গোলাম গাফ্ফার খানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

















