তামিলনাড়ু নির্বাচনে বড় চমক থালাপতি বিজয়

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে এখন দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা থালাপতি বিজয়। রাজনীতিতে অভিষেক ঘটেই তিনি রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে (Exit Poll) বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)-এর পক্ষে শক্তিশালী জনসমর্থনের আভাস পাওয়া গেছে।
চলচ্চিত্রের রঙিন পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখা বিজয়কে নিয়ে কৌতূহল ছিল শুরু থেকেই। তার নির্বাচনী জনসভাগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় যে কেবল তারকাখ্যাতির কারণে ছিল না, তা বুথফেরত জরিপে প্রতিফলিত হচ্ছে। বেশ কিছু সংস্থার পূর্বাভাস অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এই সংখ্যাটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী।
বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে এবং বিরোধী দল এআইএডিএমকে-এর সাথে বিজয়ের লড়াই এখন ত্রিমুখী রূপ নিয়েছে।
ডিএমকে জোট: কিছু জরিপ অনুযায়ী, স্টালিনের জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে পুনরায় সরকার গঠন করতে পারে।
বিজয় (TVK): অধিকাংশ জরিপে বিজয়কে অন্যতম শক্তিশালী পক্ষ হিসেবে দেখা হচ্ছে।
এআইএডিএমকে: এই জোটের ঝুলিতে ৬০ থেকে ৮০টি আসন যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কামাখ্যা অ্যানালিটিক্সসহ কয়েকটি সংস্থার মতে, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারেন বিজয়। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, বিজয়ের দল ৬৭ থেকে ৮১টি আসন পেলেও তিনি ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হবেন।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি। বিপুল সংখ্যক ভোটারের এই উপস্থিতি রাজ্যের রাজনীতিতে কোনো বড় পরিবর্তনের লক্ষণ কি না, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে।
এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে। থালাপতি বিজয় কি পারবেন রূপালি পর্দার মতো বাস্তবের রাজনীতিতেও ইতিহাস গড়তে, নাকি অভিজ্ঞ স্টালিনই নিজের গদি ধরে রাখবেন—তা জানা যাবে শীঘ্রই।

















