টাওয়ার ছাড়াই স্মার্টফোনে মিলবে সরাসরি স্যাটেলাইট সংযোগ

স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) পরিষেবা সচল করার ক্ষেত্রে এখনো বেশ কিছু বড় কারিগরি প্রতিবন্ধকতা রয়ে গেছে। বিভিন্ন দেশের টেলিকম সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রযুক্তি খাতের দুই শীর্ষ জায়ান্ট অ্যাপল ও গুগল জানিয়েছে, এই প্রযুক্তিকে সাধারণ মানুষের ব্যবহারোপযোগী করার যথার্থ সময় এখনো আসেনি এবং এর জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।
অ্যাপল জানিয়েছে, স্যাটেলাইট পরিষেবা সচল করতে আইফোনের হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তন বা নতুন সার্টিফিকেশনের প্রয়োজন হতে পারে। এছাড়া বর্তমানে সচল থাকা মোবাইল নেটওয়ার্কের ওপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকেও নজর দিতে হবে। অন্যদিকে গুগল জানিয়েছে, স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগের জন্য যে শক্তিশালী ব্যাটারি প্রয়োজন, তা এখনো বাস্তব রূপ দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি খুদে অ্যান্টেনা, দুর্বল সিগন্যাল এবং চলমান ৪জি-৫জি নেটওয়ার্কের সঙ্গে এর কারিগরি সমন্বয় ঘটানো এখন সবচেয়ে কঠিন কাজ।
বিভিন্ন শিল্প সংস্থাও পরামর্শ দিয়েছে, কারিগরি পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এই প্রযুক্তির জন্য আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। আগামী ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রেডিও কমিউনিকেশন সম্মেলনে (ডব্লিউআরসি-২৭) এই ডিটুডি পরিষেবার আন্তর্জাতিক স্পেকট্রাম ব্যান্ড চূড়ান্ত করার বিষয়ে আলোচনার কথা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডিটুডি প্রযুক্তি চালু হলে কোনো মোবাইল টাওয়ার ছাড়াই স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি সক্রিয় করার কাজ চললেও বিশ্বব্যাপী এর পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য প্রযুক্তিপ্রেমীদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।







